আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনার ছয়টি সংসদীয় আসনে মোট ৪৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার সকাল ৯টা থেকে দিনব্যাপী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে বিভিন্ন রাজনৈতিক দল, জোট ও স্বতন্ত্র প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।
খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিস এবং খুলনা-৩ আসনের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এসব মনোনয়নপত্র গ্রহণ করা হয়। এর মধ্যে সর্বাধিক ১৩ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন খুলনা-১ আসনে।
রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, খুলনা-১ আসনে বিএনপির আমীর এজাজ খান, জামায়াতের কৃষ্ণ নন্দী, জাতীয় পার্টি, সিপিবি ও স্বতন্ত্রসহ মোট ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। খুলনা-২ আসনে বিএনপির নজরুল ইসলাম মঞ্জু, জামায়াতের জাহাঙ্গীর হোসাইন হেলাল, ইসলামী আন্দোলনের মুফতি আমানুল্লাহসহ চারজন প্রার্থী মনোনয়ন দেন।
খুলনা-৩ আসনে বিএনপির রকিবুল ইসলাম বকুল, জামায়াতের অধ্যাপক মাহফুজুর রহমান, ইসলামী আন্দোলনের মাওলানা আব্দুল আউয়াল, গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের (বাসদ) জনার্দন নান্টু ও স্বতন্ত্রসহ মোট ১২ জন মনোনয়ন জমা দিয়েছেন।
খুলনা-৪ আসনে বিএনপির আজিজুল বারী হেলাল, ইসলামী আন্দোলনের হাফেজ মাওলানা ইউনুস আহমেদ, খেলাফত মজলিসের মাওলানা শাখাওয়াত হোসেন ও স্বতন্ত্রসহ পাঁচজন প্রার্থী মনোনয়ন জমা দেন। এ আসনে জামায়াতের কোনো প্রার্থী মনোনয়ন দেননি।
খুলনা-৫ আসনে বিএনপির আলী আসগার লবি, জামায়াতের অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, জাতীয় পার্টি, সিপিবিসহ ছয়জন এবং খুলনা-৬ আসনে বিএনপির মনিরুল হাসান বাপ্পী, জামায়াতের মাওলানা আবুল কালাম আজাদ ও স্বতন্ত্রসহ ছয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়নপত্র জমা দিতে আসা প্রার্থী ও তাদের সমর্থকরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান নেন। নির্বাচন আচরণবিধি অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক সমর্থকই কার্যালয়ের ভেতরে প্রবেশের সুযোগ পান। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশসহ সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।
মনোনয়নপত্র জমা শেষে বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেন, “তরুণ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষার ভিত্তিতেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে। বিভেদের রাজনীতি নয়, ঐক্যের রাজনীতি প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য।” তিনি আরও বলেন, জনগণ যেন স্বাধীনভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে—এটাই গণতন্ত্রের পূর্ণতা।
বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন, “এবারের নির্বাচন দেশ ও গণতন্ত্র রক্ষার নির্বাচন। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে বিএনপি সব সময়ই জনগণের সমর্থন পেয়েছে।”
খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বলেন, এই নির্বাচনের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাশিত বাংলাদেশ গড়ার পথ আরও সুগম হবে। তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে নির্বাচনে কাজ করার আহ্বান জানান।
পড়ুন: পিরোজপুরে নানা আয়োজনে বৈশাখী টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দেখুন: মার্কিন নৌবাহিনীকে মোকাবিলা করার ক্ষমতা এখন চীনের হাতে! |
ইম/


