খুলনার ছয়টি সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১১ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এতে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ জন।
খুলনা জেলা আঞ্চলিক রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে বুধবার (৩১ ডিসেম্বর) থেকে রোববার (৪ জানুয়ারি) পর্যন্ত টানা চার দিন যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করা হয়।
জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ৪৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় কাগজপত্রে ত্রুটি, শর্ত পূরণে ব্যর্থতা ও অন্যান্য অনিয়মের কারণে ১১ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।
আসনভিত্তিক তথ্য অনুযায়ী, খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে দাখিল করা ১৩টি মনোনয়নপত্রের মধ্যে ৩টি বাতিল করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা হলেন গণঅধিকার পরিষদের জিএম রোকনুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ হালদার এবং অচিন্ত্য কুমার মণ্ডল।
খুলনা-২ (সদর) আসনে চারজন প্রার্থীর মধ্যে কারও মনোনয়ন বাতিল হয়নি; সকলের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
খুলনা-৩ (খালিশপুর) আসনে ১২ জনের মধ্যে ৩ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। তারা হলেন স্বতন্ত্র প্রার্থী এসএম আরিফুর রহমান মিঠু, আব্দুর রউফ মোল্ল্যা ও মো. আবুল হাসনাত সিদ্দিক। এই আসনে বৈধ প্রার্থীর সংখ্যা ৯ জন।
খুলনা-৪ (রূপসা-তেরখাদা-দিঘলিয়ার আংশিক) আসনে পাঁচ প্রার্থীর মধ্যে একজনের মনোনয়ন বাতিল হয়েছে। বাতিল হওয়া প্রার্থী হলেন স্বতন্ত্র এস এম আজমল হোসেন।
খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে ছয় প্রার্থীর মধ্যে দুইজনের মনোনয়নপত্র বাতিল করা হয়। তারা হলেন জাতীয় পার্টির শামিম আরা পারভীন (ইয়াসমীন) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মুজিবুর রহমান।
খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনে ছয়জনের মধ্যে দুইজনের মনোনয়ন বাতিল হয়েছে। তারা হলেন স্বতন্ত্র প্রার্থী মো. আছাদুল বিশ্বাস এবং জাতীয় পার্টির মো. মোস্তফা কামাল জাহাঙ্গীর।
রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্র জানিয়েছে, যাচাই-বাছাই পরবর্তী সময়সূচি অনুযায়ী আপিল ও প্রত্যাহার শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
পড়ুন: নরসিংদীতে যাচাই বাছাইয়ে অসম্পূর্ণ মনোনয়ন রাতে বৈধ ঘোষণা
দেখুন: রাজ-মিমের পরকীয়ার গুঞ্জন! অগ্নিশর্মা পরী; কী বললেন মিম
ইম/


