সারা দেশের মতো খুলনাতেও শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টা থেকে খুলনার ৭২টি কেন্দ্রে একযোগে শুরু হয় এই পরীক্ষা। তবে সকাল সাড়ে ৮টা থেকেই বিভিন্ন কেন্দ্রের সামনে ভিড় জমাতে থাকেন শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা।
পরীক্ষা শুরুর আগে থেকেই কেন্দ্রে প্রবেশের সময় শিক্ষার্থীদের দেওয়া হয় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার। স্বাস্থ্যবিধি মেনে প্রবেশ করে তারা।
খুলনা জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, এবারের এইচএসসি পরীক্ষায় খুলনায় অংশ নিচ্ছেন মোট ২৮ হাজার ৬৩ জন শিক্ষার্থী। এর মধ্যে এইচএসসি পরীক্ষার্থী ২৩ হাজার ৪০৮ জন, আলিম পরীক্ষার্থী ১ হাজার ২১৪ জন এবং ভোকেশনাল ও বিএমটি পরীক্ষার্থী ৩ হাজার ৪৪১ জন। মহানগর এলাকায় ২৬টি এবং পুরো জেলায় ৭২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
এদিকে, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। খুলনা মেট্রোপলিটন পুলিশের নির্দেশনায়, প্রতিদিন সকাল ৯টা থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্রের ২০০ গজের মধ্যে পাঁচ বা ততোধিক ব্যক্তি একত্রে অবস্থান বা মিছিল করা নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে পরীক্ষাকেন্দ্র এলাকায় যেকোনো ধরনের অস্ত্র, লাঠি বা বিস্ফোরক বহন, উচ্চ শব্দের যন্ত্র ব্যবহার ও ফটোকপি দোকান চালু রাখাও নিষিদ্ধ করা হয়েছে।
তবে পরীক্ষার শুরুতে নগরীর খানজাহান আলী রোড ও রয়েল মোড় এলাকায় যানজটের কারণে বিপাকে পড়েন অনেক শিক্ষার্থী। মজিদ মেমোরিয়াল সিটি কলেজের সামনে দেখা যায়, সাড়ে ৮টা থেকে যানজটে আটকে আছে অসংখ্য যানবাহন। অন্যদিকে, সকাল সাড়ে ৮টার দিকে শুরু হওয়া হালকা বৃষ্টিতেও দুর্ভোগে পড়তে হয় অনেক পরীক্ষার্থীকে। যদিও কিছুক্ষণের মধ্যেই আকাশ পরিষ্কার হয়ে আসে।
পড়ুন: স্বামী তালাক দেওয়ার ২ ঘণ্টা পর পরকীয়া প্রেমিককে বিয়ে
দেখুন: খুলনায় পুলিশ-বিএনপি সং*ঘর্ষ
ইম/


