গণঅভ্যুত্থান দিবস হিসেবে ৫ আগস্ট সরকারি ছুটি দেয়ার প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান দিবস হিসেবে এখন থেকে ৫ আগস্ট সরকারি ছুটি পালন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বৃহস্পতিবার (১৯ জুন) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান।
ফারুকী বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান ঘিরে আগামী ১ জুলাই থেকে কর্মসূচি শুরু হবে, চলবে ৫ আগস্ট পর্যন্ত। আগামী সোমবার বিস্তারিত জানানো হবে। ১৪ জুলাই থেকে মূল আয়োজন চলবে। আন্দোলনে যেভাবে দেশ ঐক্যবদ্ধ হয়েছিল, সেভাবে কর্মসূচি করা হবে।’
৫ আগস্ট সরকারি ছুটি ঘোষণা করা হবে জানিয়ে সাংস্কৃতিক উপদেষ্টা বলেন, ‘এখন থেকে ৫ আগস্ট সরকারি ছুটি পালন করা হবে। রোববার উপদেষ্টা পরিষদ বৈঠকে ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন দিবস জাতীয় দিবস হিসেবে সিদ্ধান্ত নেয়া হবে।’
রাষ্ট্রীয় মালিকানাধীন রেডিও বাংলাদেশ বেতার ও বিটিভিকে স্বায়ত্তশাসিত করার চিন্তা করা হচ্ছে জানিয়ে ফারুকী বলেন, ‘শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার এ বিষয়ে কাজ করবেন।’
জানা গেছে, প্রধান উপদেষ্টার সাথে ৯ উপদেষ্টার ২ ঘন্টার মিটিং হয়েছে। জুলাই প্রক্লেমেশন দ্রুত দেয়ার আশাবাদ ব্যক্ত করা হয়েছে। প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে, ৫ আগস্ট সরকারি ছুটি পালন নিয়ে। প্রতিবছর গণঅভ্যুত্থান দিবস হিসেবে পালিত হবে বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব।


