দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে মব ভায়োলেন্স থেকে সরে আসতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘চব্বিশের গণঅভ্যুত্থানে বিএনপি’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন এবং ডকুমেন্টারি প্রদর্শনীতে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন মানবতাবিরোধী অপরাধের দায়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার রায় দেওয়া হচ্ছে, তখন অন্যদিকে ‘মবক্রেসি’ বা ভায়োলেন্স তৈরি করা হচ্ছে। এটা কীসের আলামত—তা জানা নেই। তবে তার মতে, ওই রায়ের গুরুত্ব কমিয়ে দিতে বিশেষ একটি মহল ভিন্নদিকে দৃষ্টি সরানোর চেষ্টা করছে। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে খতিয়ে দেখার আহ্বান জানান তিনি।
দেশকে গণতন্ত্রের পথে ফেরানোর তাগিদ দিয়ে তিনি বলেন, বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে না চাইলে গণতন্ত্রের পথে ফিরতে হবে। গণতান্ত্রিক প্রতিষ্ঠান নির্মাণ করতে হবে। সেজন্য বিএনপিসহ যারা গণতন্ত্রে বিশ্বাস করে, তাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
সংস্কার প্রসঙ্গে দলটির মহাসচিব বলেন, আজ যদি কেউ এককভাবে সংস্কারের দাবি করেন, সেটি সংকীর্ণতা ছাড়া কিছুই নয়। অথচ এই সংস্কারের কথাই বিএনপি দীর্ঘদিন ধরে বলে আসছে।
তিনি আরও বলেন, ‘আজ আমরা একটি ট্রানজিশনাল পিরিয়ডে আছি। এক ধরনের দোলাচল চলছে। নির্বাচনের সময় ঘোষণা হয়েছে, এখনো শিডিউল হয়নি—হবে আশা করি। নির্বাচনই সবকিছু নয়। নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রে ফিরে যাওয়া এবং ডেমোক্রেটিক কালচার গড়ে তোলা—এটাই সবচেয়ে বড় অভাব।’
মির্জা ফখরুল মনে করেন, টেকসই রাষ্ট্র গড়তে হলে বিচার বিভাগ, সংসদ, গণমাধ্যম ও প্রশাসনকে স্বাধীন ও শক্তিশালী করতে হবে।
পড়ুন: নির্বাচন শান্তিপূর্ণ করতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন: প্রধান উপদেষ্টা
আর/


