সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় খুলনার খালিশপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় খালিশপুরস্থ আইডিইবি ভবনে মাগুরা জেলা কল্যাণ সমিতির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।
প্রধান অতিথির বক্তব্যে রকিবুল ইসলাম বকুল বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া এ দেশের গণতন্ত্র রক্ষা ও সাধারণ মানুষের অধিকার আদায়ের সংগ্রামে এক আপসহীন নেত্রী। গণতন্ত্র প্রতিষ্ঠার ইতিহাসে তিনি অমর হয়ে থাকবেন।” তিনি আরও বলেন, বর্তমান সময়ের এই ক্রান্তিলগ্নে দেশনেত্রীর অভাব প্রতিটি মুহূর্তে অনুভূত হচ্ছে। তাঁর দেখানো আদর্শকে ধারণ করেই জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
মাগুরা জেলা কল্যাণ সমিতির সভাপতি মো. আব্দুল হাই মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জিনারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. জিয়াউর রহমান, খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সেখ সাদী এবং মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন।
এছাড়াও স্থানীয় থানা ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, মাগুরা জেলা কল্যাণ সমিতির সদস্য এবং দলীয় নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত ও জান্নাতুল ফেরদাউস কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
পড়ুন : সন্ত্রাসী-চাঁদাবাজদের হাতে ক্ষমতা গেলে সন্তানের ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে: অধ্যাপক মাহফুজুর রহমান


