‘গণবিরোধী’ বিল পাসের অভিযোগ এনে ত্রয়োদশ জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল।
আজ বৃহস্পতিবার (০৯ এপ্রিল) শেষ বিকাল ৬টার দিকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ওয়াকআউটের ঘোষণা দিয়ে বিরোধী সদস্যদের নিয়ে সংসদ কক্ষ থেকে বের হয়ে যান।
সংসদের বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান বলেন, দুঃখজনক হলেও সত্য বিরোধীদলের যৌক্তিক বাধা স্বত্ত্বেও যে কয়টি গণবিরোধী বিল আজকে পাস হয়েছে, আমরা তার দায় নিতে চাই না। তাই সংসদ থেকে ওয়াকাআউট করছি।
বিরোধীদলের নেতা ওয়াকআউট ঘোষণা দিয়ে জোটের সংসদ সদস্যদের নিয়ে অধিবেশন থেকে বের হয়ে যান। এসময় ডেপুটি স্পিকার স্বরাষ্ট্রমন্ত্রীকে কিছু বলার সুযোগ দেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আমি ধন্যবাদ জানানোর জন্য উঠছি। আইন প্রণয়ন প্রক্রিয়ার ফাস্ট রিডিং, সেকেন্ড রিডিং, থার্ড রিডিং, সব রিডিংয়ে উনারা সহায়তা করেছেন। কেউ কেউ হাত তুলে সমর্থনও দিয়েছেন। সমস্ত প্রক্রিয়া অংশগ্রহণের পরে ওয়াকআউটের কোনো মানে আছে কিনা এটা জানার জন্য। সমস্ত প্রক্রিয়া তারা অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। আশা করি মাগরিবের নামাজের পর তারা আবার অংশগ্রহণ করবেন।
আজ জাতীয় সংসদে অন্তর্বর্তী সরকারের জারি করা বেশকটি অধ্যাদেশ হুবুহু পাস করা হয়েছে যেমন, তেমনি একাধিক অধ্যাদেশ বাতিল করে বিলও পাস হয়েছে।
জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, স্থানীয় সরকার (পৌরসভা) সংশোধন বিল, জেলা পরিষদ (সংশোধন) বিল ২০২৬, জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) বিল, সুপ্রিম কোর্ট সচিবালয় (রহিতকরণ) বিল, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ (রহিতকরণ) বিল এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) বিল—এসব প্রস্তাবিত আইনের বিভিন্ন ধারায় বিরোধী দলের আপত্তি রয়েছে।


