“দেশের চাবি আপনার হাতে”—এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালী পৌরসভার উদ্যোগে গণভোট বিষয়ে প্রচারণা ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) সকালে পটুয়াখালী পৌরসভার ১নং ওয়ার্ডের ডোনাভান মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মো. খালেদুর রহমান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) জুয়েল রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ুমসহ পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এসময় ১নং ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সভায় অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে পৌর প্রশাসক জুয়েল রানা বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া, যেখানে জনগণের মতামতের প্রতিফলন ঘটে। তিনি ভোটারদের সচেতনভাবে গণভোটে অংশগ্রহণের আহ্বান জানান এবং বলেন, দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ নির্ধারণে জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।
সভায় বক্তারা গণভোটের গুরুত্ব, ভোটারদের দায়িত্ব ও অংশগ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং ভোটারদের উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।
পড়ুন : পটুয়াখালীতে আনন্দঘন পরিবেশে ৪টি আসনে ১৯ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ


