জামালপুরের ইসলামপুর প্রেসক্লাব–এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়াবিদ মরহুম সোহরাব হোসেনের ১২তম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৪ সালের ২৮ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। তাঁর প্রয়াণ দিবসে স্থানীয় সাংবাদিক সমাজ, ক্রীড়াঙ্গন ও সুধীমহল গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ করছেন।
সোহরাব হোসেন দীর্ঘদিন নিষ্ঠা, সততা ও সাহসিকতার সঙ্গে ইসলামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। সহকর্মীদের ভাষ্য, তিনি কেবল একজন পেশাদার সাংবাদিকই ছিলেন না; বরং ইসলামপুরের ক্রীড়া উন্নয়ন, সামাজিক আন্দোলন ও গণমাধ্যমের বিকাশে ছিলেন এক অনন্য সংগঠক। তাঁর নেতৃত্বগুণ ও আপসহীন মনোভাব আজও স্থানীয় সাংবাদিকদের প্রেরণা জোগায়।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের উদ্যোগে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া ইসলামপুর প্রেসক্লাবের পক্ষ থেকেও তাঁর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজনের কথা জানানো হয়েছে।
মরহুমের ভাতিজা ও ইসলামপুর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমান স্মৃতিচারণ করে বলেন, “২০১৪ সালের এই দিনে তিনি মহান রাব্বুল আল-আমিনের ডাকে সাড়া দিয়ে পরপারে পাড়ি জমান। তিনি আমাদের পরিবারের বটবৃক্ষ ছিলেন। মহান আল্লাহ তাঁর প্রতি রহমত নাজিল করুন এবং জান্নাতুল ফেরদাউস দান করুন।”
পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।
পড়ুন:অন্য যেকোনো সময়ের চেয়ে এবারের ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ হবে: শেখ রবিউল আলম
দেখুন:শিবচরে লুট হওয়া এলপিজি সিলিন্ডারের চালান আশুলিয়া থেকে উদ্ধার
ইমি/


