মেহেরপুরের গাংনী শহরে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল তেল বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার (৩ এপ্রিল) রাত সাড়ে ১০টার গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।
অভিযানে গাংনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অবস্থিত মেসার্স বজলু ট্রেডার্সের স্বত্বাধিকারী বজলুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দোষী সাব্যস্ত করে তিন হাজার টাকা জরিমানা করা হয়। অভিযোগ ছিল, তিনি দীর্ঘদিন ধরে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রি করে আসছিলেন, যা সাধারণ ভোক্তা ও কৃষকদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, অভিযোগের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয় এবং ভবিষ্যতে এমন অনিয়ম না করার জন্য সতর্ক করা হয়। একই সঙ্গে জব্দকৃত তেল সরকারি নির্ধারিত মূল্যে কৃষক ও কৃষি কাজের সঙ্গে সংশ্লিষ্ট চালকদের মাঝে বিক্রির নির্দেশনা দেওয়া হয়।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পড়ুন : গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তার নাকের ডগায় অতিরিক্ত দামে ডিজেল বিক্রি


