আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ৭ দফা দাবি আদায়, গোপালগঞ্জে জামায়াতের নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদ এবং ঢাকায় কেন্দ্রীয় সমাবেশকে স্বাগত জানিয়ে মেহেরপুরের গাংনীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে গাংনী উপজেলা জামায়াতের ব্যানারে এই মিছিল অনুষ্ঠিত হয়। গাংনী হাইস্কুল মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শান্তিপূর্ণ এই কর্মসূচিতে ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন দাবিসংবলিত স্লোগানে মুখর ছিল গাংনী পৌর এলাকা।
মিছিলে নেতৃত্ব দেন গাংনী উপজেলা জামায়াতের আমির ডা. মোহাম্মদ রবিউল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম, মেহেরপুর-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নাজমুল হুদা, গাংনী পৌর জামায়াতের বাইতুল মাল সম্পাদক জিল্লুর রহমান, কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জামায়াত নেতা মো. আলম হোসাইন, পৌরসভার কাউন্সিলর আলমগীর হোসেনসহ অন্যান্য উপজেলা ও পৌর জামায়াত নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে ডা. রবিউল ইসলাম বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যেন কোনো রকম প্রহসন না হয়, সেজন্য জনগণের ৭ দফা দাবি বাস্তবায়ন অপরিহার্য। আমরা একটি অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন চাই, যেখানে জনগণের ভোটাধিকার নিশ্চিত হবে।
সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম বলেন, গোপালগঞ্জে আমাদের শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালিয়ে সরকার গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।
মিছিলে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ আরও জানান, জামায়াত কোনো নৈরাজ্য নয়, বরং একটি শান্তিপূর্ণ রাজনৈতিক শক্তি হিসেবে গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের দাবি-দাওয়ার পক্ষে কথা বলছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই দেশের স্থিতিশীলতার একমাত্র পথ বলেও মত দেন তারা।
পড়ুন : গাংনীতে কৃত্রিম সংকটে সারের দাম বৃদ্ধির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল


