গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়েছে। এ ঘটনায় অ্যাম্বুলেন্সের চাপায় আরমান আলী (৩০) নামে এক দোকানদার নিহত হয়েছেন। উপজেলার ফুটানি বাজার এলাকায় আজ বৃহস্পতিবার সকালের দিকে এ দূঘটনা ঘটে।
নিহত আরমান আলী উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের বড় সাতাইল গ্রামের সাত্তার মিয়ার ছেলে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, আজ সকালে একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে ফুটানি বাজারে গোবিন্দগঞ্জ-গাইবান্ধা সড়কের পাশের দোকানে ঢুকে যায়। এসময় অ্যাম্বুলেন্সের চাপায় ওই দোকানের দোকানদার আরমান আলী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তিনি মারা যান।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
পড়ুন : গাইবান্ধায় ধর্ষককে গ্রেফতারসহ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন


