গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় টয়লেট বসানোকে কেন্দ্র করে ভাতিজার ধারালো ছুরির আঘাতে রাধানাথ চন্দ্র দাস (৫৮) নামের ব্যক্তি নিহত হয়েছে।
আজ শুক্রবার (০৪ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের দশলিয়া গ্রামের রায়পাড়ায় এই ঘটনাটি ঘটে। নিহত রাধানাথ চন্দ্র ওই গ্রামের মৃত কার্ত্তিক চন্দ্র দাসের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাধানাথ চন্দ্রের সাথে বড় ভাই নৃপেন চন্দ্রের পূর্ব থেকে জমি নিয়ে বিরোধ চলছিল। আজ সকালে নিহত রাধানাথের বসত ঘর ঘেঁষে নিপেন চন্দ্র ও তার দুই ছেলে শংকরাজ এবং সত্যন্দ্রনাথ টয়লেট বসানোর জন্য যায়। এসময় রাধানাথ টয়লেট বসাতে নিষেধ করলে দুই ভাইয়ের মধ্যে বাগবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে ভাতিজারা উত্তেজিত হয়ে চাচা রাধানাথ চন্দ্রকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারপিট করে।পরে স্থানীয়রা রাধানাথকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হলে দায়িত্বররত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
বিষয়টি নিশ্চিত করেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার। তিনি জানান, লাশ ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেলারেল হাসপাতাল পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পড়ুন : গাইবান্ধায় ৮ বছর ধরে সড়কের মাঝে বিদ্যুতের খুঁটিতে ভোগান্তি


