গাজীপুরের শ্রীপুরে মাওনা ইউনিয়নের বারতোবা বাজারে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রলবোমা হামলা হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) রাত ২টার দিকে কয়েকজন হামলাকারী ব্যাংকের প্রধান ফটক খোলার চেষ্টা করেন এবং তিনটি পেট্রলবোমা বিস্ফোরণ ঘটান। এর মধ্যে একটি ব্যাংকের সীমানার মধ্যে পড়ে এবং বাইরের সাইনবোর্ডের আংশিক ক্ষতি হয়।
গ্রামীণ ব্যাংকের মাওনা শাখার ব্যবস্থাপক রেহানা পারভিন জানান, নিরাপত্তাপ্রহরী ব্যাংকের ভিতরে ছিলেন। হামলাকারীরা প্রধান ফটক খোলার চেষ্টা করলে হঠাৎ বিস্ফোরণ হয়। নিরাপত্তাপ্রহরী ৭–৮ জনকে দৌড়ে পালিয়ে যেতে দেখেন।
স্থানীয়রা বলেন, বিস্ফোরণের শব্দে আশপাশের মানুষ ঘটনাস্থলে ছুটে আসেন এবং পেট্রলের গন্ধ চারপাশে ছড়িয়ে পড়ে।
গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক আবদুর রাজ্জাক বলেন, ব্যাংকের ভিতরে কোনো ক্ষতি হয়নি, তবে বাইরের সাইনবোর্ডের কিছু অংশ পুড়ে গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং থানায় সাধারণ ডায়েরি করার পরামর্শ দেওয়া হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহম্মদ আবদুল বারিক জানান, পুলিশ টহল থাকায় হামলাকারীরা বড় ধরনের ক্ষতি করতে পারেনি। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পেট্রলবোমার বোতল উদ্ধার করেছে এবং ঘটনার তদন্ত চলছে।
পড়ুন: সুনির্দিষ্ট পাঁচটি অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে, সোমবার রায় দেখবে পুরো বিশ্ব
আর/


