মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, গাজীপুর ২ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল চারটার দিকে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেনের কাছে মনোনয়নপত্র জমা দেন।
পরে সাংবাদিকদের সাথে কথা বলেন এম মঞ্জুরুল করুম রনি। তিনি বলেন, গাজীপুর-২ আসনের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত। এখানকার শিক্ষাব্যবস্থা, যোগাযোগ অবকাঠামো, তীব্র যানজট এবং বর্জ্য ব্যবস্থাপনায় স্থায়ী ও কার্যকর সমাধান জরুরি। জনগণের এসব ন্যায্য অধিকার আদায়ে আমরা সর্বাত্মকভাবে কাজ করব।
তিনি আরও বলেন, এই আসনের প্রতিটি ভোটারের কাছে বিএনপির বার্তা পৌঁছে দিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। জনগণের আস্থা অর্জনই আমাদের প্রধান লক্ষ্য।
এছাড়া যুবদল, ছাত্রদলসহ বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও মনোনয়ন দাখিলের সময় উপস্থিত থেকে প্রার্থীর প্রতি সমর্থন জানান।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গাজীপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে এবারের নির্বাচনে মোট ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে গাজীপুর-১ আসনে ৮ জন, গাজীপুর-২ আসনে সর্বাধিক ১৮ জন, গাজীপুর-৩ আসনে ১০ জন, গাজীপুর-৪ আসনে ৯ জন এবং গাজীপুর-৫ আসনে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
উল্লেখ্য, গাজীপুর সিটি করপোরেশনের ১৯ থেকে ৩৯ এবং ৪৩ থেকে ৫৭ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত গাজীপুর-২ সংসদীয় আসন। এই আসনে মোট ভোটারের সংখ্যা ৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন। বিপুল ভোটারসংখ্যা ও নগরকেন্দ্রিক হওয়ায় আসনটি জেলার অন্যতম গুরুত্বপূর্ণ ও কৌশলগত আসন হিসেবে বিবেচিত।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

