আলোচিত অভিনেত্রী পরীমণি। ব্যক্তিগত জীবন এবং নানা কর্মকাণ্ডের মাধ্যমে প্রায়ই তিনি আলোচনার কেন্দ্রে থাকেন। সম্প্রতি একটি অনুষ্ঠানে এক গায়কের সঙ্গে তার গান গাওয়ার একটি ভিডিও প্রকাশ করেন পরীমণি। তা প্রকাশ পেতেই নেটিজেনদের নজরে আসে, যা ঘিরে তৈরি হয় আলোচনা-সমালোচনা।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সেই ৩২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, পরীমণি নিজেই সেলফি মোডে ভিডিওটি ধারণ করছিলেন। একটি রাতের অনুষ্ঠানে লাইভ মিউজিক উপভোগ করছিলেন তিনি; সেখানে একটি সংগীত পরিবেশন করা হচ্ছিল।
ভিডিওর এক পর্যায়ে একজন গায়ক মাইক্রোফোন হাতে পরীমণির কাছে চলে আসেন এবং গান গাইতে শুরু করেন। পরীমণিও তখন হাসিমুখে সেই গায়কের সঙ্গে কণ্ঠ মেলান। দুজনকে একসঙ্গে জনপ্রিয় বাংলা গান ‘এই মন তোমাকে দিলাম’-এর কয়েকটি লাইন গাইতে শোনা যায়। এ সময় সেই গায়ক পরীমণির কাছাকাছি চলে আসেন। পরীমণি এ সময় হাত বাড়িয়ে দিলে হাত ধরেন গায়ক। গান গাইতে দুজনই সেই মুহূর্তটি উপভোগ করেন; গায়ক ও ক্যামেরার দিকে আঙুল তুলে পরী গাইতে থাকেন- ‘এই মন তোমাকে দিলাম’, ভিডিওটি প্রকাশের পর ক্যাপশনে লেখেন গানের পরের কলিটুকু- ‘এই প্রেম তোমাকে দিলাম।’
ভিডিওটি প্রকাশের পর এর মন্তব্য ঘরে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই পরীমণির এই স্বতঃস্ফূর্ত মুহূর্তের প্রশংসা করলেও একটি বড় অংশ তার এই ভঙ্গিমাকে সহজভাবে নেয়নি।
পড়ুন: আয়কর নিয়ে আইনি লড়াইয়ে জিতলেন ঐশ্বরিয়া
আর/


