অচেনা এলাকায় ভ্রমণ হোক বা নিজের শহরেই পথ খোঁজা—সবক্ষেত্রেই এখন গুগল ম্যাপ আমাদের নিত্যসঙ্গী। শুধু রাস্তা দেখানোর কাজই নয়, এই অ্যাপে রয়েছে এমন কিছু কার্যকর ফিচার, যা জানলে যাত্রা হতে পারে আরও সহজ ও নিরাপদ। অনেকেই এই সুবিধাগুলোর কথা জানেন না, অথচ ব্যবহার করলে সময় ও ঝামেলা—দুটিই কমে যায়।
১. অফলাইন ম্যাপ: ইন্টারনেট ছাড়াও পথ দেখাবে
ভ্রমণের সময় ইন্টারনেট না থাকলে গুগল ম্যাপের অফলাইন মোড কাজে আসে। আপনি যে এলাকার ম্যাপ আগে থেকে ডাউনলোড করে রাখবেন, ইন্টারনেট না থাকলেও সেটি ব্যবহার করা যাবে।
অফলাইন ম্যাপ ব্যবহার করতে গুগল ম্যাপ অ্যাপে গিয়ে জায়গার নাম সার্চ দিন → তিনটি ডট চিহ্নে চাপুন → ‘Download offline map’ নির্বাচন করুন।
২. লাইভ ট্রাফিক: যানজটের আগাম খবর
ঢাকা বা চট্টগ্রামের মতো ব্যস্ত শহরে রাস্তায় বের হওয়ার আগে লাইভ ট্রাফিক জানা খুব দরকারি। গুগল ম্যাপের লাইভ ট্রাফিক ফিচার রাস্তায় কোথায় জ্যাম, কোথায় চলাচল স্বাভাবিক—তা আগেভাগে জানিয়ে দেয়। এতে বিকল্প রাস্তা বেছে নেওয়া সহজ হয়।
৩. লোকেশন শেয়ারিং: নিরাপত্তার নিশ্চয়তা
যাত্রার সময় পরিবারের সদস্য বা বন্ধুর সঙ্গে আপনার অবস্থান শেয়ার করা এখন অনেক সহজ। গুগল ম্যাপের লোকেশন শেয়ারিং অপশন চালু করে নির্দিষ্ট সময়ের জন্য নিজের অবস্থান পাঠানো যায়। এতে প্রিয়জনেরা আপনার চলাচল রিয়েল টাইমে দেখতে পারবেন—বিশেষ করে রাতে একা চলাচলের সময় এটি বেশ কার্যকর।
৪. টাইমলাইন: কোথায় গিয়েছিলেন, দেখুন এক ক্লিকে
গুগল ম্যাপ আপনার চলাচলের ইতিহাস ‘টাইমলাইন’–এ সংরক্ষণ করে রাখে। চাইলে আপনি দেখতে পারেন, কোন দিনে কোথায় গিয়েছিলেন, কতক্ষণ ছিলেন এবং কীভাবে ভ্রমণ করেছিলেন। এই ফিচার ভ্রমণ পরিকল্পনা বা ব্যয়ের হিসাব রাখার ক্ষেত্রেও কাজে লাগে।
৫. লাইভ ভিউ: রাস্তার দিক বোঝার নতুন উপায়
নতুন এলাকায় পথ খুঁজতে গিয়ে বিভ্রান্ত হলে গুগল ম্যাপের লাইভ ভিউ ফিচারটি বেশ সহায়ক। ক্যামেরা অন করলে ফোনের স্ক্রিনে বাস্তব রাস্তার ওপরই তীরচিহ্ন ও নির্দেশনা দেখা যায়। অর্থাৎ, বাস্তব দৃশ্যের সঙ্গে ম্যাপের তথ্য মিলিয়ে সহজেই দিক চিনে নিতে পারবেন।


