গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছোট ও বড়পর্দার জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু। হৃদযন্ত্রের সমস্যা নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন ডিরেক্টরস গিল্ডের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর।
সোমবার (২ মার্চ) রাতে সোশ্যাল মিডিয়া ফেসবুক অ্যাকাউন্টে অভিনেতা বাবুর একটি ছবি পোস্ট করেছেন কামরুজ্জামান সাগর। সেখানে এই নাট্যনির্মাতা লিখেছেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, গুণী অভিনেতা ও গায়ক ফজলুর রহমান বাবু অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।’
তিনি লিখেছেন, ‘গত ১৬ তারিখ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি পপুলার হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে ইউনাইটেড হাসপাতালে এনজিওগ্রামের মাধ্যমে তার হার্টে মেজর ব্লক ধরা পড়লে গত ১৯ তারিখ সফলভাবে ওপেন হার্ট সার্জারি করা হয়।’
অভিনেতা বাবুর বর্তমান শারীরিক অবস্থা বর্ণনা করে নাট্যনির্মাতা আরও লিখেছেন, ‘আল্লাহর রহমতে বাবু ভাই এখন আগের থেকে ভালো আছেন। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসতে পারেন, সেজন্য সবাই তার জন্য প্রাণভরে দোয়া করবেন। দ্রুত সুস্থ হয়ে উঠুন প্রিয় বাবু ভাই।’
এদিকে সোশ্যাল মিডিয়ায় গুণী এই অভিনেতার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ প্রকাশ করেছেন ইন্ডাস্ট্রির সহকর্মীরা এবং তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। সবাই সুস্থতা কামনা করেছেন প্রিয় অভিনেতার।


