ঢালিউডের সুপারস্টার শাকিব খান সম্প্রতি এক সুপারশপ উদ্বোধনীতে উপস্থিত হন, যেখানে ভক্তদের মধ্যে উচ্ছ্বাসের দেখা মিলেছে। সুপারশপের সামনে পাকা রাস্তার ওপর অগণিত মানুষ ভিড় করেছেন। কেউ শিস বাজাচ্ছেন, কেউ ‘উই লাভ শাকিব খান’ স্লোগান দিয়ে তাদের আগ্রহ ও উৎসাহ প্রকাশ করছেন।
ভিডিও ফুটেজে দেখা গেছে, শো রুমের শাটার ধীরে ধীরে উন্মুক্ত হয়। অপর প্রান্তে একজন ব্যক্তি দাঁড়িয়ে থাকেন, সময়ের সঙ্গে সঙ্গে পুরোপুরি দৃশ্যমান হয়ে ওঠেন তিনি। জনতা তাকে চিনতে পেরে উল্লাসে ফেটে পড়ে। জানা গেছে, দাঁড়িয়ে থাকা ব্যক্তি ঢালিউড কিং শাকিব খান। তার আগমন মুহূর্তে ভিড়ের মধ্যে উৎসবের মতো পরিবেশ সৃষ্টি হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়। তবে শাকিব খানকে একদম নয়া লুকে দেখা যায়। গোঁফওয়ালা শাকিব খানকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করছেন নেটিজেনরাও। দেলোয়ার নামে একজন লেখেন, “কিরে বাবা বয়স খালি কমে, বাড়ে না।” মুন্না লেখেন, “বস।” এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে নেট দুনিয়ায়।
কিছু দিন আগে প্রকাশিত হয়েছে শাকিব খানের পরবর্তী সিনেমা ‘সোলজার’ এর লুক; যা বিশেষভাবে নজর কাড়ে। সেই লুকেই শুক্রবার (৭ নভেম্বর) সকালে রাজধানীর বনানীতে একটি সুপারশপের আউটলেট উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হন শাকিব খান। তার যাওয়ার খবরে বনানীতে ভিড় করেন ভক্ত-অনুরাগীরা।
নিঃসন্দেহে বলা যায়, ক্যারিয়ারে দারুণ সময় পার করছেন শাকিব খান। বাংলা চলচ্চিত্রের শীর্ষ এই নায়ককে নিয়ে নির্মাতা সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ সিনেমা। এতে তার বিপরীতে অভিনয় করছেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। সবকিছু ঠিক থাকলে আগামী বছর সিনেমাটি মুক্তি পাবে।
পড়ুন- পুত্র সন্তানের মা হলেন ক্যাটরিনা কাইফ
দেখুন- রাজকীয় লুকে বুবলী: স্টাইল, আত্মবিশ্বাস আর গ্ল্যামারে মাত করলেন ভক্তদের


