গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে শহরের দক্ষিণ তেমুহনী থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনীতে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি এ আর হাফিজ উল্যাহ, সহকারী সেক্রেটারি নাসির উদ্দিন মাহমুদ, শহর জামায়াতের আমীর অ্যাডভোকেট আবুল ফারাহ নিশানসহ অন্যরা।
বক্তারা বলেন, গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা একটি ন্যাক্কারজনক ও পূর্বপরিকল্পিত সন্ত্রাসী হামলা। এটি গণতান্ত্রিক অধিকার হরণ করার শামিল।
তারা বলেন, পুলিশ ও প্রশাসনের ব্যর্থতা ও নিষ্ক্রিয়তার কারণেই হামলাকারীরা এখনও গ্রেপ্তার হয়নি। বক্তারা হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার ও বিচার দাবি করেন। এ সময় আগামীতে কঠোর কর্মসূচির হুশিয়ারিও দেন জামায়াত নেতারা।
পড়ুন: ৫ দফা দাবিতে লক্ষ্মীপুরে বিপ্লবী ছাত্র সংসদের মানববন্ধন
এস/


