চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে শফিকুল ইসলাম ওরফে রবু (৬৭) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার রাধানগর ইউনিয়নের বেগপুর গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে শফিকুল ইসলাম প্রতিদিনের মতো দোহাইলা বিলে মাছ ধরতে যান। তবে ওইদিন মাছ ধরতে গিয়ে তিনি আর বাড়ি ফেরেননি। সন্ধ্যার পর পরিবার থেকে তার খোঁজখবর শুরু হলেও কোনো সাড়া মেলেনি।
একপর্যায়ে স্বজন ও স্থানীয়রা রাত পর্যন্ত বিলের বিভিন্ন স্থানে কাপা বা টানা জাল দিয়ে খুঁজে দেখেন। কিন্তু তখন তার কোনো খোঁজ মেলেনি।
পরে শনিবার সকালে আবারও গ্রামের মানুষ ও স্বজনরা একত্রিত হয়ে খোঁজ শুরু করেন। সকাল সাতটার দিকে দোহাইলা বিলে কাপা জাল টানার সময় পানির নিচ থেকে শফিকুল ইসলামের মরদেহ ভেসে ওঠে। খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। পরিবারের সদস্যরা মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন।
স্থানীয়রা জানান, শফিকুল ইসলাম শান্ত-শিষ্ট প্রকৃতির মানুষ ছিলেন। মাছ ধরা ছিল তার নিত্যদিনের কাজ। কিন্তু এভাবে মৃত্যুর খবর সবাইকে শোকাহত করেছে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শফিকুল ইসলাম বয়সজনিত কারণে হঠাৎ অসুস্থ হয়ে পানিতে পড়ে মারা যান। তবে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
এদিকে বৃদ্ধের মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। দুপুরে জানাজা শেষে মরদেহ গ্রামের কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
পড়ুন: মেহেরপুরে বিএনপির গণসংযোগ ও পথসভা
দেখুন: পুতিনের নিরাপত্তা বহর, চমকে গেলেন ট্রাম্প!
ইম/


