জামালপুরের দেওয়ানগঞ্জে গ্যাস্টিকের ট্যাবলেট মনে করে ভুলবশত ইঁদুরনাশক ট্যাবলেট সেবন করে দুই কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত দুজন সম্পর্কে বেয়াই।
রাতের দিকে দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে ঘটে এ হৃদয়বিদারক ঘটনা।
নিহতরা হলেন—বানিয়াপাড়া গ্রামের কানকু মিয়া (৪৫) এবং পোড়াভিটা গ্রামের কমল মিয়া (৫০)।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার দুপুরে কমল মিয়া বেড়াতে যান বেয়াই কানকু মিয়ার বাড়িতে। দুপুরে খাবার পর দুজনই গ্যাস্টিকের সমস্যা অনুভব করেন। এসময় ঘরে থাকা একটি ট্যাবলেট গ্যাস্টিকের ওষুধ ভেবে সেবন করেন তারা। পরে জানা যায় সেটি ছিল ইঁদুর মারার ট্যাবলেট।
ট্যাবলেট সেবনের অল্প সময়ের মধ্যেই দুজনের বুকে জ্বালা, মাথা ঘোরা ও বমি শুরু হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
হাসপাতালে নেওয়ার পথে রবিবার রাত ১১টার দিকে কানকু মিয়া মারা যান। পরদিন সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় কমল মিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দুই পরিবারের পুরুষ সদস্যের এ আকস্মিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) মো. আনোয়ার হোসেন বলেন, “এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। তারা ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের আবেদন করেছেন। তবে নিয়ম অনুযায়ী একটি অপমৃত্যু মামলা রুজু করা হবে।”
পড়ুন- বকশীগঞ্জে ১৯৫০ জন কৃষকের মাঝে প্রণোদনার বীজ–সার বিতরণ
দেখুন- টঙ্গী চাঞ্চল্যকর হ ত্যা য় জড়িত ছিনতাইকারী র্যাবের হাতে আটক


