গ্রিসের রাজধানী এথেন্সে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আখাউড়ার যুবক সুদীপ ঘোষ (৪২)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের রাধানগর গ্রামের ঘোষপাড়ার মৃত সুকুমার ঘোষের ছেলে।
বুধবার (২০ আগস্ট) স্থানীয় সময় এ দুর্ঘটনা ঘটে। পারিবারিক সূত্র জানায়, সুদীপ দীর্ঘদিন ধরে এথেন্সে একটি গাড়ির শোরুমে চাকরি করতেন। প্রতিদিনের মতো বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। খবর পেয়ে বুধবার গভীর রাতে বাংলাদেশে তার পরিবার বিষয়টি জানতে পারে।
তার ঘনিষ্ঠ বন্ধু ও ঘোষপাড়ের বাসিন্দা বাসুদেব বিশ্বাস জানান, দুর্ঘটনার সময় সুদীপের মোটরসাইকেলে আরও একজন আরোহী ছিলেন। ঘটনাস্থলেই তিনিও মারা যান। তবে নিহত অপর ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
হঠাৎ এ মৃত্যুর খবরে শোকে ভেঙে পড়েছে সুদীপের পরিবার। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। প্রায় বছর দেড়েক আগে বাবার শ্রাদ্ধ অনুষ্ঠানে অংশ নিতে সুদীপ সর্বশেষ দেশে এসেছিলেন।
বর্তমানে তার লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে। পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন বৃদ্ধ মা, স্ত্রী, ছোট কন্যা সন্তানসহ কাকার পরিবারের লোকজন।
পড়ুন: ইসরায়েলকে অবিলম্বে গাজায় সামরিক অভিযান বন্ধ করতে হবে : গ্রিসের প্রধানমন্ত্রী
এস/


