চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে এলেও এতে ট্রেনটির দুটি বগি পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বিএমএ গেট এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পোর্ট লিংক গেট অতিক্রমের সময় ট্রেনটির একটি বগিতে আগুন জ্বলতে দেখা যায়। বিষয়টি দ্রুত গেটম্যানকে জানানো হলে তিনি রেলওয়ে কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে ট্রেনটি থামিয়ে আগুন লাগা দুটি বগি আলাদা করে ফেলা হয়।
কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার আহসান আলী জানান, খবর পেয়ে সকাল ৬টা ৫৫ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বাংলাদেশ মিলিটারি একাডেমির সেনাবাহিনীর সদস্যরাও এতে সহায়তা করেন, ফলে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
তিনি আরও জানান, যাত্রীরা দ্রুত ট্রেন থেকে নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষতিগ্রস্ত দুটি বগির মধ্যে একটি যাত্রীবাহী এবং অন্যটি পাওয়ার কার (ইঞ্জিন) বগি।
পড়ুন: পদ্মায় বাসডুবি : একের পর এক বের করা হচ্ছে মরদেহ
আর/


