চট্টগ্রামে এখন টিভির দুই সহকর্মীর উপর হামলার ঘটনায় জড়িতদের যতই শক্তিশালী হোক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম সানতু। তিনি বলেন, এ ঘটনায় দলমতের পরিচয় বিবেচনা করা হবে না।
আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার মো. সিরাজুল ইসলাম, এখন টিভির ব্যুরো প্রধান ও চট্টগ্রাম টেলিভিশন রিপোর্টার্স নেটওয়ার্কের (সিটিআরএন) আহবায়ক হোসাইন জিয়াদ, চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, সিটিআরএন-এর যুগ্ম আহবায়ক এ কে আজাদ, নির্বাহী সদস্য আরিচ আহমেদ শাহ, তাম্মিম মাহামুদ সহ চট্টগ্রামের সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
শাহনেওয়াজ রিটনের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের টিভি ইউনিট প্রধান তৌহিদুল আলম, সাংবাদিক সোহাগ কুমার বিশ্বাস, লতিফা আনসারী রুনা, আকরাম হোসেন, মুজিবুল হক, আহমেদ রাকিব, সাইফুল ইসলাম, এবং ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এনামুল হক।
পুলিশ সুপার হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, এই এলাকা এখন সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে, যা প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ। সাংবাদিকদের সহযোগিতায় আমরা সন্ত্রাসীদের মুখোশ উন্মোচন করবো।
”
এসময় হামলার শিকার হোসাইন জিয়াদ জঙ্গল সলিমপুরে সংঘটিত হামলার বর্ণনা দিয়ে বলেন, এ ধরনের ঘটনা সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতার জন্য বড় হুমকি।
পরে সিটিআরএন-এর পক্ষ থেকে পুলিশ সুপারের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে দ্রুত চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

