চট্টগ্রাম অঞ্চলের পাঁচটি জেলার ২০২৫ সালের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। ফলে, বর্তমানে বৃহত্তর চট্টগ্রামে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৮০ হাজারেরও বেশি।
নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন, ৩১ আগস্টের মধ্যে সকল দাবি ও আপত্তি নিষ্পত্তি করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এদিকে জীবনের প্রথম ভোট দেওয়ার জন্য ব্যাপক উৎসাহ নিয়ে অপেক্ষা করছেন নতুন ভোটাররা।
দ্বিতীয় দফায় ২০২৫ সালের খসড়া তালিকায় চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় মোট ৫ লাখ ১৮ হাজার ৫৯২ জন নতুন ভোটার হিসেবে যুক্ত হয়েছেন। এর পাশাপাশি, মৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এ সংখ্যা ১ লাখ ৩২ হাজার ৪৭৭ জন। ফলে, বর্তমানে বৃহত্তর চট্টগ্রামে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৮০ হাজারেরও বেশি।
অন্যদিকে, চট্টগ্রাম জেলায় বর্তমানে মোট ভোটার সংখ্যা ৬৮ লাখ ৩৫ হাজার ৬৬৯ জন। এর মধ্যে নতুন ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন ৩ লাখ ৪ হাজার ৫১ জন। প্রায় ৬৫ হাজার ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়েছে।
জীবনের প্রথম ভোট দেওয়ার সুযোগ পাওয়ায় নতুন ভোটারদের মধ্যে এক ধরনের উন্মাদনা ও উদ্দীপনা দেখা যাচ্ছে। তারা একটি শান্তিপূর্ণ এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আশাবাদী। বিপুল উৎসাহে অপেক্ষা করছে তারা।
খসড়া তালিকা নিয়ে যদি কারো কোনো দাবি বা আপত্তি থাকে, তা অবশ্যই ৩১ আগস্টের মধ্যে জানাতে হবে জানালেন, চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা বশির আহমেদ। বলেন, চূড়ান্ত তালিকা প্রকাশের পর আর নতুন কেউ ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হতে পারবেন না।
নির্বাচন কমিশন চলতি বছরের জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি নিশ্চিত করেছে। ফলে, এই নতুন ভোটাররা আগামী নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
পড়ুন: দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২০ কিলোমিটার যানজট
এস/


