34 C
Dhaka
০৭/০৩/২০২৬, ১৬:২৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

গাংনীতে ট্রাকসেল টিসিবি পণ্য দোকানে বিক্রির অভিযোগ

মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর ইউনিয়নের রায়পুর গ্রামে ট্রাকসেল কার্যক্রমের টিসিবি পণ্য একটি ইলেকট্রনিক ও স্যানেটারি দোকান থেকে বিক্রির অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

শনিবার (৭ মার্চ) সকাল থেকেই আকলিমা ইলেকট্রনিক অ্যান্ড স্যানেটারি স্টোর থেকে এসব পণ্য বিক্রি করা হচ্ছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও অসন্তোষ দেখা দিয়েছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, রায়পুর ইউনিয়নের প্রায় ৪০০ জন কার্ডধারীর জন্য ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাকসেল কার্যক্রমের আওতায় পণ্য বরাদ্দ রয়েছে। নিয়ম অনুযায়ী প্রত্যেক কার্ডধারীকে ৫৯০ টাকা মূল্যে নির্ধারিত প্যাকেজ দেওয়ার কথা। প্যাকেজে সাধারণত নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য যেমন—তেল, ডাল, চিনি ও ছোলা থাকে, যা নির্ধারিত মূল্যে নিম্ন আয়ের মানুষের মাঝে বিক্রি করা হয়।
তবে অভিযোগ উঠেছে, ট্রাকের মাধ্যমে খোলা জায়গায় পণ্য বিক্রির পরিবর্তে দোকানের ভেতর থেকে এসব পণ্য বিক্রি করা হচ্ছে। এতে করে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে এবং অনেক কার্ডধারী সঠিকভাবে পণ্য পাচ্ছেন কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন স্থানীয়রা।
এলাকাবাসীর অভিযোগ, শনিবার সকাল থেকেই আকলিমা ইলেকট্রনিক অ্যান্ড স্যানেটারি স্টোরে টিসিবির পণ্য নিয়ে ভিড় দেখা যায়। সেখানে দোকানের ভেতর থেকেই প্যাকেজ বিতরণ করা হচ্ছিল। অথচ ট্রাকসেল কার্যক্রম সাধারণত উন্মুক্ত স্থানে ট্রাকের মাধ্যমে পরিচালিত হওয়ার কথা, যাতে সকল সমান সুযোগ পান এবং কার্যক্রমটি স্বচ্ছভাবে সম্পন্ন হয়।

এ বিষয়ে জানতে চাইলে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার ও গাংনী উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরশেদ আলী জানান, বিকেল তিনটার দিকে ট্রাকসেল কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সকাল থেকেই পণ্য বিক্রি শুরু হয়েছে বলে তিনি শুনেছেন। তিনি বলেন, সকালে পণ্য বিক্রির বিষয়টি আমার জানা ছিল না। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।

রায়পুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সারগিদুল ইসলাম জানান, ট্রাকসেলের পণ্য বিতরণ হচ্ছে, এ বিষয়ে তাকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তিনি বলেন, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে কোনো ধরনের সমন্বয় বা অবহিতকরণ করা হয়নি।

এদিকে টিসিবির ডিলার প্রতিষ্ঠান তানহা অ্যান্ড তালহা ট্রেডার্স-এর স্বত্বাধিকারী মুতালেফ হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ব্যস্ততার অজুহাত দেখিয়ে ফোন কেটে দেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আকলিমা ইলেকট্রনিক অ্যান্ড স্যানেটারি স্টোরের স্বত্বাধিকারী আলামিন হোসেন মুঠোফোনে বলেন, তার গোডাউন থেকে প্যাকেটিং করে দোকানের সামনে ট্রাকসেলের পণ্য বিতরণ করা হচ্ছে। তবে দোকানের ভেতর থেকে পণ্য বিক্রির অভিযোগ তিনি সরাসরি অস্বীকার করেননি।

গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেন বলেন, ট্রাকসেল কার্যক্রমের টিসিবি পণ্য কোনো দোকান থেকে বিক্রি করার সুযোগ নেই। তিনি বলেন, বিষয়টি পর্যবেক্ষণ করা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে বক্তব্য জানতে মেহেরপুর জেলা প্রশাসকের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

খুলনা বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলম বলেন, বিষয়টি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ, পিএসসি জানান, টিসিবি বা ট্রাকসেল কার্যক্রমের পণ্য কোনো দোকান থেকে বিক্রির সুযোগ নেই। যদি ডিলার প্রতিষ্ঠান তানহা অ্যান্ড তালহা ট্রেডার্স এ ধরনের অনিয়ম করে থাকে, তাহলে তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

দেখুন- নোয়াখালীতে বামনী ক্লোজার নির্মাণ বন্ধ, ক্ষুব্ধ এলাকাবাসী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন