চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। রবিবার (৩১ আগষ্ট) রাত ৯টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটি।
বিক্ষোভে নেতারা বলেন, শিক্ষার্থীদের ওপর হামলা গণআন্দোলন দুর্বল করার ষড়যন্ত্রের অংশ। তাঁরা অভিযোগ করেন, ফ্যাসিস্ট শক্তি দেশজুড়ে সক্রিয় হয়ে উঠতে চাইছে। যেকোনো স্থানে এ ধরনের কর্মকাণ্ড হলে ছাত্রদল প্রতিরোধ গড়ে তুলবে।
বিক্ষোভ মিছিলে শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা মাথাচাড়া দিয়ে উঠছে। তাঁদের হুঁশিয়ার করে তিনি বলেন, ফ্যাসিস্টদের যে কোনো পদচারণা প্রতিহত করা হবে। তিনি আরো বলেন যারা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালায় তাদের দ্রুত গ্রেফতার করে ভিতরে আওতায় আনতে হবে।
আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, জাতীয় নির্বাচন বানচালের চেষ্টা চলছে। শিক্ষার্থীদের ওপর হামলাও সেই চক্রান্তের অংশ। তবে এসব ঠেকাতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই দেশকে সঠিক পথে পরিচালনা করা সম্ভব। আমরা আশঙ্কা করছি যেভাবে এখন সাধারণ শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসীরা হামলা চালাচ্ছে যে যেকোনো মুহূর্তে দেশের মধ্যে একটা বড় বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে আওয়ামী লীগের দোষরা।
বিক্ষোভে ও বক্তব্য প্রদান করেন শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক জাফর আহমেদ, যুগ্ন আহবায়ক শাহরিয়ার হোসেন, মাহমুদুল হাসান,রবিউল আউয়াল, রফিকুল ইসলাম , জাহিদুল ইসলাম, মিয়া রাসেল , তুহিন, রাহাত সজল মিয়া সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

