চরফ্যাশন উপজেলার বজলু বাজারে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের লেলিহান শিখায় মুহূর্তেই শেষ হয়ে গেছে বহু দিনের কষ্টে গড়া ব্যবসা নিঃস্ব হয়ে পড়েছেন কয়েকজন ব্যবসায়ী।
রবিবার (২২ মার্চ) দিবাগত রাত আনুমানিক ৪ টার দিকে উপজেলার দক্ষিণ আইচা থানার নজরুল নগর ইউনিয়নের বজলু বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
গভীর রাতে হঠাৎ আগুন দেখে ছুটে আসেন স্থানীয়রা, কিন্তু ততক্ষণে আগুন ভয়াবহ রূপ ধারণ করে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দ্রুত ছড়িয়ে পড়া আগুনে মা কসমেটিক, শরিফ স্টোর, মুন্সি স্টোর, মিরাজ স্টোর ও জাকির স্টোর সম্পূর্ণ পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মিরাজ ভেঙে পড়া কণ্ঠে বলেন,এক রাতেই সব শেষ হয়ে গেল। এই দোকানটাই ছিল আমার পরিবারের একমাত্র আয়ের উৎস। এখন কীভাবে চলবো বুঝতে পারছি না।
অন্য ব্যবসায়ী শরিফ বলেন, অনেক কষ্ট করে দোকানটা দাঁড় করিয়েছিলাম। আগুনে সব পুড়ে গেছে। আমরা এখন একেবারে নিঃস্ব। সরকারের কাছে সহযোগিতা চাই।
ব্যবসায়ীরা জানান, দোকানের মালামাল ও ঘরসহ তাদের প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। হঠাৎ এ বিপর্যয়ে তারা দিশেহারা হয়ে পড়েছেন এবং দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছেন।
চরফ্যাশন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মাসুদ সাংবাদিককে বলেন, রাত ৪টা ১০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ধারনা করা যাচ্ছে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এমাদুল হোসেন সাংবাদিককে জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়েছি। ক্ষতিগ্রস্ত দোকান মালিকদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অর্থিক সহয়তা করা হবে।
পড়ুন : চরফ্যাশনে ভেসে আসা জাহাজ নিয়ে স্থানীয়দের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন


