চরফ্যাশনের দক্ষিণে অন্যতম বৃহৎ উত্তর আইচা বাজারে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে । সোমবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে সিনজেনটা কোম্পানির কিটনাশকের রিটেইলার পাটওয়ারী ট্রেডার্সে এ চুরির ঘটনা ঘটে।
ওই বাজারের ব্যবসায়ীরা জানান, প্রায় দুইশত দোকান থাকার পরেও বৃহৎ এই বাজারে ব্যবসায়ীদের কোন কমিটি নেই, কোন নিরাপত্তা প্রহরী নেই। প্রায় দুই বছর আগে থানা পুলিশ বাজারের নিরাপত্তায় কয়েকটি সিসি ক্যামেরা স্থাপন করলেও, কার্যত এগুলো এখন পুরোপুরি অকেজো । এ অবস্থায় চুরির ঘটনা ঘটায় এ বাজারের ব্যবসায়ীরা এখন চরমভাবে উদ্বিগ্ন ।
এদিকে গতকালের চুরির ঘটনায় পাটওয়ারী ট্রেডার্সের স্বত্বাধিকারী কামরুজ্জামান পাটওয়ারী বাদী হয়ে শশীভূষণ থানায় কারো নাম উল্লেখ না করে অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানাযায়, প্রতিদিনের মতো ঘটনার দিন রাতে কীটনাশক বিক্রি শেষে দোকান বন্ধ করে তালা মেরে বাড়িতে চলে যান মালিক কামারুজ্জামান। পরদিন মঙ্গলবার সকালে এসে দেখেন তার দোকানের শাটারের ০২টি তালা ভাঙ্গা কিন্তু শাটার নামানো অবস্থায় আছে। দোকানে প্রবেশ করে মালিক দেখেন বিভিন্ন তাকে সাজানো ও নিচে কাটুনের মধ্যে থাকা সিনজেনটা কোম্পানীর বিভিন্ন প্রকারের কীটনাশক নেই। এ সময় পাটওয়ারী ট্রেডার্স থেকে ৫ লক্ষাধিক টাকা মূল্যের কীটনাশক চুরি করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
উত্তর আইচা বাজারের মুদি দোকানদার ইব্রাহিম বলেন, তিনদিন আগে রাত্রে আমার দোকানের তালা ভেঙে প্রবেশের চেষ্টা করা হয়েছে, আজ পাটওয়ারী ট্রেডার্সে দুর্ধর্ষ চুরি হলো, এ অবস্থায় আমরা ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে খুব উদ্বিগ্ন। আমাদের বাজারে কোন নাইট গার্ড নেই, বাজার কমিটি নেই। কয়েকটি সিসি ক্যামেরা আছে তাও নষ্ট। আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তায় প্রশাসনকে এগিয়ে আসার আহবান জানাচ্ছি।
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ তারিক হাসান রাসেল এই প্রতিবেদককে বলেন, আমি আমার টিম নিয়ে উত্তর আইচা বাজার পরিদর্শন করছি। জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন: গ্যাস সিলিন্ডারের দোকানে সিগারেট খাচ্ছিলেন শ্রমিক, বিস্ফোরণে দগ্ধ ১০
দেখুন: ঝিনাইদহে শিশু ধ/র্ষ/ণে/র অভিযোগে একজন আটক
ইম/


