ভোলার চরফ্যাশনে সাগর মোহনায় মাছ ধরার ট্রলার ডুবে মিজানুর রহমান (২৯) নামে জেলে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ জেলে মিজানুর রহমান হাজারীগঞ্জ ৭ নং ওয়ার্ডের রহিজলের ছেলে।
সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১২ টার দিকে পূর্ব ঢালচর সংলগ্ন কালকিনির জাগনার চরের ভাষান চরের নিকটে হঠাৎ ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়, রাতে অন্য একটি ট্রলার গিয়ে সাগরে ভাসতে থাকা সাত জন জেলেকে উদ্ধার করলেও একজন জেলেকে খুজে পায়নি।
চরফ্যাশন উপজেলা মৎস্য অফিস আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেছে ।
উদ্ধার হওয়া জেলেরা জানান, ট্রলার ডুবির পর দুই- আড়াই ঘন্টা যাবৎ ভাসমান পুলুট ও কন্টেইনার ধরে আমরা ভাসতে ভাসতে পাঁচ কপাটের একটি ট্রলারের কাছে আসলে তারা আমাদের উদ্ধার করে ভোর বেলা ঘাটে নিয়ে আসে। আমাদের সাথের জেলে মিজান কেবিনের মধ্যে ছিলো, তাকে খুজে পাইনি।
সামরাজ মৎস্য ঘাট সমিতির সাংগঠনিক সম্পাদক মো: কামাল হোসেন বলেন, হাজারীগঞ্জ ১ নং ওয়ার্ড বাসিন্দা খোরশেদ মাঝির ট্রলারটি গত শনিবারে সামরাজ মৎস্য ঘাট থেকে সাগরে মাছ আহরণে যায়, আজ ভোর বেলা আমি ট্রলার ডুবির সংবাদ পেয়ে মৎস্য অফিসকে জানাই।
আমাদের ঘাট থেকে দুটি ট্রলার নিখোঁজ জেলেকে খুজতে সাগরে গেছে।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন,
আমরা আজ সকাল ৮ টার দিকে খবর পেয়ে কোস্ট গার্ডকে জানালে তারা নিখোঁজ জেলেকে উদ্ধারে চেষ্টা করছে। বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল থাকায় উদ্ধার তৎপরতা বেগ পেতে হচ্ছে।
পড়ুন: নোয়াখালী সিভিল সার্জন কার্যালয়ে তালা, স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবিতে অবস্থান ধর্মঘট
দেখুন: ‘পঞ্চগড়ে আহমদিয়াদের ওপর হাম*লায় বিএনপি-জামাত জড়িত’
ইম/


