চাঁদপুরের ফরিদগঞ্জে কৃষি জমির পানিতে ভাসছিলো সুজন দেবনাথ(৩০) এর নিথর দেহ। সে পেশায় একজন শ্রমিক এবং তার পিতা নেই। ৮ অক্টোবর বুধবার বিকালে সুজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, সুজন দেবনাথ হচ্ছে বালিথুবা পূর্ব ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মানিকরাজ গ্রামের বাসিন্দা। তার মরদেহ ওই গ্রামেরই তালুকদার বাড়ির পাশের বাগানের পিছনের জলাবদ্ধতাময় জমি থেকে পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করে পুলিশ।
সুজনের মা অঞ্জলী দেবনাথ বলেন, আমার ছেলে কোন রাজনীতি বা সংগঠনে জড়িত নেই। তার বাবা বেঁচে নেই। আমার এক মেয়ে আর এক ছেলের মধ্যে মেয়েকে বিয়ে দেয়ার পর ছেলেকে নিয়েই বসবাস করছি। সে যখন যে কাজ পায় উপার্জনের জন্য সেটাই করে থাকে। সকালের কাজ শেষে দুপুরে সে মোঃ বাচ্চু নামে একজনের ডাকে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর খবর পেলাম তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এ বিষয়ে সুজন দেবনাথের সাথে কাজ করা মোঃ বাচ্চু (৫৫) বলেন, আমরা সকালে একসাথে গাছ কাটার কাজ করেছি। তবে সে কিভাবে মারা গেলো এটা আমি বলতে পারছি না।
স্থানীয় বালিথুবা পূর্ব ইউপি চেয়ারম্যান এইচ এম হারুনুর রশিদ বলেন, মৃত্যুর সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে এসে পুলিশকে জানিয়েছি। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। আমার জানা মতে সুজন ছেলেটা খুবই নম্র ভদ্র এবং কারো সাথে কখনও কোন ঝামেলা হতে দেখিনি। তবে তার মৃত্যুর কোন কারন এখনও জানিনা।
এ বিষয়ে চাঁদপুরের ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম বলেন, কৃষি জমির পানিতে লাশ ভেসে আছে সংবাদ পেয়ে সেখান থেকে সন্ধ্যায় সুজনের লাশ উদ্ধার করি। তার মৃত্যুর কারণ সর্ম্পকে এখনো নিশ্চিত না হওয়ায় তদন্ত চলমান রেখেছি।
পড়ুন : কুরআন অবমাননাকারির ফাঁসির দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ মিছিল


