চাঁদপুরের একটি নির্বাচনী আসন হতে লড়ার জন্য গণসংযোগ চালিয়ে যাচ্ছেন “এমপিওভুক্ত শিক্ষক আন্দোলন”-র নেতা জাহাঙ্গীর হোসেন। তিনি চাঁদপুর-৩ অর্থাৎ সদর ও হাইমচর আসনে কমিউনিস্ট পার্টির কাস্তে মার্কার প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন।
১৩ নভেম্বর বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে তিনি সম্ভ্যাব্য প্রার্থী হিসেবে প্রচারণার কথা নিশ্চিত করেন।
জাহাঙ্গীর হোসেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম মেম্বার ও চাঁদপুর জেলা কমিটির সভাপতি। এছাড়াও তিনি বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সদরের বাগাদী গণি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এছাড়াও তিনি সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্যিক একাধিক সংগঠনের নেতৃত্বে আছেন এবং নানা ইস্যুতে রাজপথে লড়াই সংগ্রামে সক্রিয় রয়েছেন।
নির্বাচন প্রসঙ্গে কমরেড মো: জাহাঙ্গীর হোসেন বলেন, গেলো ১০ অক্টোবর জেলা কমিউনিস্ট পার্টির সভার সিদ্ধান্তে আমি দলটির কাস্তে প্রতীকের সম্ভ্যাব্য প্রার্থী হিসেবে প্রচারণায় মাঠে রয়েছি। নির্বাচনে জয়ী হলে সদর ও হাইমচরের এ জনপদের বিভিন্ন সমস্যার কথা সংসদে উত্থাপন করবো। বাস্তবায়ন না হলে জনগণকে নিয়ে রাজপথে লড়াই করার অঙ্গীকার করছি। নির্বাচনে বিজয়ী না হলেও মেহনতি মানুষের জন্য কাজ করবো এবং জনতার পক্ষে থাকবো।


