চাঁদাবাজদের একটি নিরপেক্ষ তালিকা প্রস্তুত করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তালিকা প্রস্তুত শেষে সব অপরাধীর বিরুদ্ধে যেকোনো সময় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে র্যাব।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় একটি ‘নিরপেক্ষ’ তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। র্যাবের ১৫টি ব্যাটালিয়ন ইতোমধ্যে মাঠপর্যায়ে কাজ শুরু করেছে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। তালিকায় থাকা কাউকেই ছাড় দেওয়া হবে না।
ইন্তেখাব চৌধুরী আরও বলেন, চাঁদাবাজি কোনো একটি খাতে সীমাবদ্ধ নয়। পরিবহন খাতে মহাসড়ককেন্দ্রিক চাঁদাবাজি, বাজারে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়, বিভিন্ন প্রতিষ্ঠানে চাপ সৃষ্টি—সব ধরনের চাঁদাবাজিকে এই তালিকার আওতায় আনা হচ্ছে। ছোট-বড় সব পর্যায়ের অপরাধীকেই বিবেচনায় নেওয়া হচ্ছে।
তিনি জানান, অনেক ক্ষেত্রে ভুক্তভোগীরা ভয় বা নিরাপত্তাজনিত কারণে অভিযোগ করেন না। সেক্ষেত্রে গোয়েন্দা তথ্য, মাঠপর্যায়ের অনুসন্ধান এবং বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে তালিকা প্রস্তুত করা হচ্ছে।
তালিকায় রাজনৈতিক ব্যক্তিরা থাকলে কী হবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তালিকা সম্পূর্ণ নিরপেক্ষ হবে। কোনো ধরনের পক্ষপাতিত্ব থাকবে না। অপরাধী যেই হোক, তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। যত দ্রুত সম্ভব তালিকা প্রস্তুত করে অভিযান শুরু করা হবে, যা যে কোনো সময় শুরু হতে পারে।
পড়ুন: যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক : আলোচনায় থাকছে যেসব বিষয়
আর/


