চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা শাখায় হঠাৎ করেই সৃষ্টি হয়েছে আলোচনার ঝড়। আহ্বায়ক মো. আলাউল হকসহ চারজন গুরুত্বপূর্ণ নেতা একযোগে পদত্যাগ করায় দলীয় অঙ্গনে দেখা দিয়েছে অস্থিরতা।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে তারা দলের কেন্দ্রীয় আহ্বায়কের কাছে পৃথক দুটি পদত্যাগপত্র পাঠান। পদত্যাগ করা অন্য নেতারা হলেন— সিনিয়র যুগ্ম সদস্যসচিব নাজমুল হুদা খান রুবেল, যুগ্ম আহ্বায়ক শেখ ওলিউল ইসলাম কাফি এবং যুগ্ম সদস্যসচিব সৈয়দ কিবরিয়া।
পদত্যাগপত্রে নেতারা ব্যক্তিগত কারণ দেখালেও দলীয় একাধিক সূত্র বলছে, দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ না হওয়া এবং সাংগঠনিক অসন্তোষই এই সিদ্ধান্তের নেপথ্যে কাজ করেছে।
আহ্বায়ক মো. আলাউল হক বলেন, পারিবারিক ও ব্যক্তিগত সমস্যার কারণে দায়িত্ব যথাযথভাবে পালন করা সম্ভব হচ্ছিল না। অন্যদিকে নাজমুল হুদা খান রুবেল জানান, পরিবর্তনের আশায় দলে যোগ দিলেও বাস্তবে তার প্রতিফলন না পাওয়ায় তারা সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ৫ জুন আলাউল হককে প্রধান সমন্বয়কারী করে জেলা সমন্বয়ক কমিটি গঠন করা হয়। পরে তাকেই আহ্বায়ক করে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
একসঙ্গে চার শীর্ষ নেতার পদত্যাগে চাঁপাইনবাবগঞ্জে এনসিপির রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে এ বিষয়ে এখনো কেন্দ্র বা জেলা পর্যায়ের অন্য কোনো নেতার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
পড়ুন : ভোলায় মহান স্বাধীনতা দিবসে ছাত্রশিবিরের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


