বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদের সমাবেশ থেকে ফেরার পথে আওয়ামী লীগ কর্মীদের হামলায় একজন গুরুত্বর আহত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যার দিকে ইসলামপুর ইউনিয়নের ব্রীজ মোড়ে এ ঘটনা ঘটে। এতে আহত হন ইসরাইল হক কিনু নামে এক প্রবাসী যুবক। তিনি গত ৩ আগস্ট কাতার থেকে ছুটিতে দেশে এসেছেন। আহত কিনু ইসলামপুর ইউনিয়নের পোড়াগ্রামের মৃত একরামুল হকের ছেলে।
আহত যুবককে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা এ ঘটনার তথ্য সংগ্রহ করেছেন তবে রাত ১১টা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে যায়নি।
স্থানীয় বাসিন্দারা বলেন, মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নতুনহাট মীরের খৈলান চত্বরে বিএনপির গণসমাবেশে যোগ দিয়েছিলেন তারা। সেখানে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশীদ। সমাবেশে কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন। সমাবেশ শেষে নেতা-কর্মীদের অনেকে বিভিন্ন যানবাহনে করে যাওয়ার সময় ইসলামপুর ইউনিয়নের ব্রীজ মোড়ে হামলার মুখে পড়েন ইসরাইল হক কিনু। প্রত্যাক্ষদর্শীদের অভিযোগ, ইসলামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য জিয়াউর রহমান ও তার ছেলে মো. রিশান দলবল নিয়ে তাকে রাস্তায় ধরে মারধর করেছে। এতে মাথায় আঘাত লেগে গুরুতর রক্তাক্ত যখম হয়।
সমাবেশ থেকে ফেরা ইসলামপুর ইউনিয়ন বিএনপির নেতা আলম হোসেন বলেন, ইসলামপুর থেকে আমরা শতাধিক লোক বিএনপি নেতা হারুনুর রশীদের সমাবেশে যোগ দিয়েছিলাম। জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আজ বিশাল সমাবেশ ছিল। যেখানে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ। আমরা ওই সমাবেশ থেকে ফেরার পথে তার বাড়ির মোড়ে ছেড়ে দিয়ে আমরা নিজ নিজ গন্তব্যে চলে যায়। পরে শুনেছি বিএনপির সমাবেশে শেষে বাড়ি যাওয়া সময় কিনু নামে এক বিএনপি সমর্থকের উপর হামলা হয়েছে। আওয়ামী লীগ নেতা জিয়া মেম্বার ও তার ছেলে দলবল নিয়ে এ হামলা চালিয়েছে।
এনিয়ে ইসলামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. শাহীনুর রহমান বলেন, ওই এলাকায় দুই গ্রুপের মধ্যে পূর্ব বিরোধ আছে। একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলাও আছে। প্রাথমিক ধারণা, পূর্ব বিরোধীদের জেরে এই হামলার ঘটনা ঘটেছে। আহত ওই ব্যাক্তি হাসপাতালে চিকিৎসাধীন।
পড়ুন : চাঁপাইনবাবগঞ্জে গণঅভ্যুত্থানের অনুষ্ঠানে হট্টগোল, ধস্তাধস্তি


