চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী প্রায় ৪ লাখ ৯৭ হাজার ৫০০ শিশুকে টাইফয়েড টিকার আওতায় আনা হবে। আগামী ১২ অক্টোবর থেকে শুরু হয়ে মাসব্যাপী চলবে এই টিকাদান কার্যক্রম।
সোমবার (৬ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণমাধ্যম কর্মীদের নিয়ে এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে টাইফয়েড টিকাদান কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।
জেলা তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. গোলাম মোস্তফা, সিভিল সার্জন অফিসের কর্মকর্তা ডা. সৈয়দ সুমন এবং জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মন।
কর্মশালায় জানানো হয়, জেলার প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে স্বাস্থ্য বিভাগ, স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার সহযোগিতায় এই টিকাদান কার্যক্রম বাস্তবায়িত হবে। টিকা প্রদানের সময় স্কুল, কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্যকেন্দ্রগুলোকে ব্যবহার করা হবে যাতে প্রতিটি শিশু সহজেই টিকা নিতে পারে।
বক্তারা বলেন, শিশুদের টাইফয়েড প্রতিরোধে এই টিকাদান কর্মসূচি একটি যুগান্তকারী উদ্যোগ, যা শিশুমৃত্যু হ্রাস, রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সামগ্রিক জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ বলেন, “শিশুরা দেশের ভবিষ্যৎ সম্পদ। তাদের সুস্থভাবে বেড়ে ওঠা নিশ্চিত করতে টিকা কার্যক্রমে সবাইকে সহযোগিতা করতে হবে।”
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, টিকাদান চলাকালীন পর্যাপ্ত প্রচার-প্রচারণা চালানো হবে এবং কেউ যাতে বাদ না পড়ে, সে বিষয়ে বিশেষ নজরদারি থাকবে।
এই কার্যক্রমের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে এই টাইফয়েড টিকাদান কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে শিশুস্বাস্থ্যে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।
পড়ুন : চাঁপাইনবাবগঞ্জে যৌথ অভিযানে মাদক ও নগদ টাকাসহ দম্পতি আটক


