বিএসএফের অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইন করা নিজ দেশের ৬ নাগরিককে ফেরত নিতে চাই ভারত। চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের হেফাজতে থাকা ভারতীয় নাগরিকদের ফেরত নিতে যোগাযোগ করেছে দেশটির গোয়েন্দা সংস্থা।
বৃহস্পতিবার বিকালে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ এ তথ্য জানিয়েছেন।
এর আগে বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের আলীনগর-ভূতপুকুর থেকে আটক করা হয় ৬ ভারতীয় নাগরিককে। পুলিশ ও সীমান্ত সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, গত ২৬ জুন কুড়িগ্রাম সীমান্ত দিয়ে তাদের পুশ-ইন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। আটকের পর তারা পুলিশ হেফাজতে রয়েছে।
ওয়াসিম ফিরোজ বলেন, ভারতের এসবি আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। তারা আটক ছয় বাংলাদেশিকে ফেরত নিতে চায়। সে কারণে তাদের বিরুদ্ধে এখনও কোন আইনগত ব্যবস্থা নেয়া হয়নি। যেহেতু আটককৃতদের মধ্যে নারী ও শিশু রয়েছে সেহেতু আমরা সর্বোচ্চ সহনশীলতা দেখাতে চাই। কিন্তু তারা ফেরত না নিলে অনুপ্রবেশের মামলা দায়ের করে কারাগারে পাঠানো হবে।
ওই ছয় ভারতীয় নাগরিক হলেন—পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মুরারই থানার মো. দানেশ, তার স্ত্রী সোনালী বেগম ও তাদের সন্তান মো. সাব্বির এবং একই এলাকার আজিজুল দেওয়ানের স্ত্রী সুইটি বেগম ও তাদের দুই ছেলে কুরবান দেওয়ান ও ইমাম দেওয়ান। তারা ভারতের দিল্লীতে একটি ইট ভাটায় কাজ করতেন। দেশটির পুলিশ তাদের বাংলাদেশি বলে গ্রেপ্তার করে এবং কুড়িগ্রামের সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ ইন করে। পরে তারা কুড়িগ্রাম থেকে চাঁপাইনবাবগঞ্জ আসে। পুলিশের একটি সূত্র জানিয়েছে, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নদী পথ দিয়ে তারা ভারতে চলে যাওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু তার আগেই পুলিশের অভিযানে আটক হন তারা।
পড়ুন: রাঙামাটিতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুদকের অভিযান
দেখুন: ৮ বছরের মধ্যে ৫০ শতাংশ বিদ্যুৎ খরচ কমানোর লক্ষ্যে যে পদক্ষেপ নিচ্ছে ওয়াশিংটন ডিসি |
ইম/


