যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে চাঁপাইনবাবগঞ্জে মহান বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির কর্মসূচির সূচনা করা হয়।
এরপর চাঁপাইনবাবগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধাদের নাম সম্বলিত স্মৃতিফলকে জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। একই সঙ্গে সকল সরকারি, আধা-সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
দিবসটির মূল আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয় চাঁপাইনবাবগঞ্জ জেলা নতুন স্টেডিয়ামে। সেখানে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়ান জেলা প্রশাসক শাহদাত হোসেন মাসুদ ও পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।
এসময় পুলিশ, বিএনসিসি, স্কাউটস, গার্ল গাইডস, বিভিন্ন স্কুল-কলেজ এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
কুচকাওয়াজ শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ ডিসপ্লে, যেখানে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের সৃজনশীল পরিবেশনার মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের আনন্দ তুলে ধরে।
দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।


