ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের বিভিন্ন ভোটকেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম প্রেরণ শুরু হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে জেলা ও উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে পর্যায়ক্রমে প্রত্যন্ত চরাঞ্চলসহ সকল ভোটকেন্দ্রে এসব সরঞ্জাম পাঠানো হয়।
সদর উপজেলা রিটার্নিং কর্মকর্তা মারুফ আফজাল রাজন জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী সকাল ১০টা থেকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে ব্যালট পেপার, ব্যালট বাক্স, সিল, স্ট্যাম্প, সিলগালা সামগ্রী, ফলাফল শিট, ভোটার তালিকা এবং অন্যান্য আনুষঙ্গিক উপকরণ হস্তান্তর করা হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সেগুলো সংশ্লিষ্ট কেন্দ্রে পাঠানো হয়।
তিনি আরও জানান, নির্বাচনকে ঘিরে সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। প্রতিটি কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবেন।
আগামীকাল ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে ভোটাররা দুটি পৃথক ব্যালট পেপারে ভোট প্রদান করবেন—জাতীয় সংসদ সদস্য নির্বাচনের জন্য সাদা রঙের ব্যালট পেপার এবং গণভোটের জন্য গোলাপি রঙের ব্যালট পেপার ব্যবহার করা হবে। ভোটকক্ষে প্রবেশের সময় ভোটারদের জাতীয় পরিচয়পত্র বা নির্ধারিত পরিচয়পত্র সঙ্গে রাখার আহ্বান জানানো হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্গম ও চরাঞ্চলীয় কেন্দ্রগুলোতে আগেভাগেই সরঞ্জাম পৌঁছে দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে নির্ধারিত সময়েই ভোটগ্রহণ শুরু করা যায়। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে এবং ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। প্রার্থীদের প্রচারণা শেষ হওয়ায় এখন ভোটারদের অপেক্ষা কেবল ভোটের দিনের। প্রশাসনের পক্ষ থেকে সকলকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।
পড়ুন- নোয়াখালীতে সাংবাদিক পরিচয়ে ‘পর্যবেক্ষক’ কার্ডের ছড়াছড়ি, প্রভাব বিস্তারের শঙ্কা
দেখুন- জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ ছাড়া এই নির্বাচন সম্ভব হতো না: প্রধান উপদেষ্টা


