চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া গ্রামে বিজিবি ও র্যাবের যৌথ অভিযানে একটি বিদেশী পিস্তল, ছয় রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোররাত ৩টার দিকে এই অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত মেইন পিলার ১৮২ থেকে প্রায় এক কিলোমিটার ভেতরে আজমতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান চালানো হয়। টহল দল মালিকবিহীন অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করে। পরে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ শিবগঞ্জ থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।
অভিযানে র্যাবের পক্ষে নেতৃত্ব দেন সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট সাঈদ মাহমুদ সাদান (বিএন) এবং বিজিবির পক্ষে নেতৃত্ব দেন আজমতপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. শাহীনুর রহমান।
এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে অপারেশনাল কার্যক্রম জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৯ জনকে পুশ-ইন
এস/


