সেরা ছয়ে থেকে আগেই এশিয়ান গেমসে খেলা নিশ্চিত হয়েছিল বাংলাদেশের। শুক্রবার (১০ এপ্রিল) এশিয়ান গেমসের হকি বাছাই টুর্নামেন্ট চাইনিজ তাইপেকে হারিয়ে পঞ্চম অবস্থানে থেকে শেষ করল বাংলাদেশ।
ব্যাংককের রয়েল থাই এয়ারফোর্স হকি মাঠে চাইনিজ তাইপের বিপক্ষে বাংলাদেশের জয়ের ব্যবধান ৩-২। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন আশরাফুল ইসলাম। অন্য গোলটি মেহরাবের।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে এই চাইনিজ তাইপেকে ৪-৩ ব্যবধানে হারিয়েই এশিয়ান গেমস বাছাই শেষ করেছিল বাংলাদশে। কিন্তু দ্বিতীয় ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে হেরে যায় ৩-২ গোলে। এরপর উজবেকিস্তানের বিপক্ষে ১-১ ড্রয়ে স্থান নির্ধারণী ম্যাচে খেলতে হয় দলকে।
সেখানে পর্বের প্রথম ম্যাচে নির্ধারিত সময়ের খেলা ৪-৪ সমতায় শেষের পর হংকংয়ের চীনের বিপক্ষে শুট আউটে ৩-২ গোলে জিতে এশিয়ান গেমসে খেলা নিশ্চিত করে বাংলাদেশ।
এশিয়ান গেমসের হকি ইভেন্টে বাংলাদেশ এ পর্যন্ত ১১ বার অংশ নিয়েছে। এর মধ্যে ১৯৭৮ ও ২০১৮ সালে ষষ্ঠ হওয়াই সর্বোচ্চ সাফল্য। আগামী সেপ্টেম্বরে জাপানের আচি ও নাগোয়াতে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমসের ২০তম আসর।
পড়ুন- সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
দেখুন- যোগ্যতা বিবেচনায় নারী আসনে মনোনয়ন দেবে বিএনপি: রিজভী


