চীন সফর নিয়ে আগামীকাল সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার বিকাল ৪টায় গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক খুদে বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়। গত সোমবার রাষ্ট্রীয় সফরে চীনের বেইজিং পৌঁছান প্রধানমন্ত্রী। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কিয়াং এর সাথে বৈঠক করেন শেখ হাসিনা। বৈঠকে ২১টি চুক্তি ও সমঝোতা এবং ৭টি ঘোষণাপত্র সই হয় দুই দেশের মধ্যে। চীন সফর শেষে গত বুধবার রাতে দেশে ফেরেন প্রধানমন্ত্রী।
প্রসঙ্গত, চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে ৮ জুলাই বেইজিং সফর শুরু করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রীর বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকার উদ্দেশে রওয়ানা হওয়ার কথা ছিল। কিন্তু সফরসূচিতে পরিবর্তন এনে একদিন আগে দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বেইজিং এ প্রধানমন্ত্রী ৮ থেকে ১০ জুলাই পর্যন্ত অবস্থানকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।


