অর্থের অভাবে চিকিৎসা করাতে পারিনি। আজ এখানে বিনামূল্যে ডাক্তার দেখিয়ে ওষুধ পেয়েছি, আল্লাহ সংযোগের সবাইকে ভালো রাখুক” এভাবেই প্রতিক্রিয়া জানালেন দামুড়হুদার দলকা গ্রামের কৃষক হোসেন আলী।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিনব্যাপী চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দলকা লক্ষীপুর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হলো ‘সংযোগ ফ্রি মেডিকেল ক্যাম্প–২০২৫’। সংযোগ ফাউন্ডেশনের উদ্যোগে ও লক্ষীপুর যুবসমাজের সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পে সকাল থেকেই রোগীদের উপচেপড়া ভিড় দেখা যায়। সকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলা এ কার্যক্রমে প্রায় পাঁচ শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা নেন। স্থানীয় একটি মাদ্রাসার দুই শতাধিক শিক্ষার্থীর দাঁতের স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শও দেওয়া হয়।
চিকিৎসা সেবা দেন দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত অভিজ্ঞ চিকিৎসক ডা. নাহিদ ফাতেমা রত্না, ডা. সুজা উদ্দীন পরাগ, ডা. আহসান হাবিব শাকিল, ডা. এ বি এম আবিদ হাসান, ডা. মো. শাহরিয়ার সিয়াম এবং ডা. নাইমুর রহমান স্বপ্নীল। তারা সাধারণ চিকিৎসার পাশাপাশি দাঁতের সমস্যা, ডায়াবেটিস, গাইনি, শিশু ও মেডিসিন বিষয়ে বিনামূল্যে সেবা প্রদান করেন।
ডা. মো. শাহরিয়ার সিয়াম বলেন, “মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দেওয়াই আমাদের উদ্দেশ্য। অনেক গ্রামীণ মানুষ চিকিৎসার অভাবে ভোগেন। সংযোগ ফাউন্ডেশনের এ আয়োজন স্বাস্থ্যসেবাকে আরও সহজ ও মানবিক করে তুলছে।”
চিকিৎসা সেবা পেয়ে স্থানীয়রা উচ্ছ্বাস প্রকাশ করেন। দলকা গ্রামের গৃহবধূ রোকসানা খাতুন বলেন, আমার দীর্ঘদিনের মাথাব্যথা ও দুর্বলতার সমস্যা ছিল। আজ বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়েছি। আমাদের মতো গরিব মানুষের জন্য এটি সত্যিই আশীর্বাদ।”
কৃষক শহিদুল ইসলাম জানান, “কাজের ব্যস্ততার কারণে নিয়মিত ডাক্তার দেখানো সম্ভব হয় না। আজ একসঙ্গে দাঁতের চিকিৎসা আর ডায়াবেটিস পরীক্ষা করাতে পেরেছি। চিকিৎসকেরা খুব আন্তরিকভাবে দেখেছেন।
মাদ্রাসাশিক্ষার্থী রিফাত হোসেন বলেন, আমাদের দাঁতের চেকআপ করা হয়েছে। ডাক্তার সাহেবরা দাঁতের যত্ন নেওয়ার নিয়ম শিখিয়েছেন। আগে এসব জানতাম না। খুব উপকার হলো।
হালিমা বেগম কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমি অনেকদিন ধরে হাড়ের ব্যথায় কষ্ট পাচ্ছিলাম। এখানে এসে ডাক্তার ওষুধ দিয়েছেন, ব্যায়ামের নিয়ম শিখিয়েছেন। টাকা খরচ ছাড়াই চিকিৎসা পাওয়া আমাদের জন্য স্বপ্নের মতো।
পুরো আয়োজন সফল করতে সংযোগ ভলান্টিয়ার্স বাংলাদেশ চুয়াডাঙ্গা টিম এবং লক্ষীপুরের স্থানীয় যুব সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা স্বাস্থ্যসচেতনতা লিফলেট বিতরণ, রোগীদের শৃঙ্খলভাবে বসার ব্যবস্থা এবং দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করতে সার্বক্ষণিক সহযোগিতা করেন।
আয়োজকরা জানিয়েছেন, শুধু চুয়াডাঙ্গা নয় ভবিষ্যতে দেশের বিভিন্ন অঞ্চলেও নিয়মিত ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হবে। তাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং জনসচেতনতা বৃদ্ধি করা।
দিনব্যাপী এ আয়োজন ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। চিকিৎসা শেষে অনেক রোগী ও অভিভাবক আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
পড়ুন: এসপি গৌতম কুমারকে চুয়াডাঙ্গায় পদায়নের প্রতিবাদে মানববন্ধন
এস/


