চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কর্মরত তিনজন পরিচ্ছন্নতা কর্মীর মাসিক পারিশ্রমিক প্রদান করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাসের মাধ্যমে এ পারিশ্রমিক প্রদান করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
জানা যায়, সদর হাসপাতালে দীর্ঘদিন ধরে জনবল সংকট বিরাজ করছে, বিশেষ করে পরিচ্ছন্নতা কর্মীর তীব্র অভাব রয়েছে। ফলে হাসপাতালের পরিবেশ পুরোপুরি পরিচ্ছন্ন রাখা সম্ভব হচ্ছিল না। এতে দুর্গন্ধ ও রোগীদের ভোগান্তি নিত্যদিনের ব্যাপারে পরিণত হয়েছিল।
এই পরিস্থিতিতে হাসপাতালের সার্বিক পরিচ্ছন্নতা ও সেবার মান বজায় রাখতে মানবিক বিবেচনায় শরীফুজ্জামান শরীফ নিজস্ব তহবিল থেকে তিনজন পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দেন এবং তাদের মাসিক বেতন প্রদানের দায়িত্ব নেন। গত সেপ্টেম্বর থেকে ওই তিন কর্মী নিয়মিতভাবে হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করে যাচ্ছেন।
এ বিষয়ে শরীফুজ্জামান শরীফ বলেন, ‘চুয়াডাঙ্গা সদর হাসপাতাল আমাদের সবার। এখানকার সেবা ব্যবস্থাকে সচল রাখতে সামান্য অবদান রাখতেই এই উদ্যোগ নিয়েছিলাম। ভালো লাগার বিষয়, এই উদ্যোগ বিছুটা হলেও হাসপাতালের পরিবেশকে আগের তুলনায় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সহায়তা করছে।’
এদিকে, সদর হাসপাতাল পরিবারের পক্ষ থেকে শরীফুজ্জামান শরীফের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে। তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস বলেন, ‘এই উদ্যোগ সমাজের অন্যান্য সচ্ছল মানুষকেও জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে, যা জেলার সাধারণ মানুষের জন্য কল্যাণকর হবে।’
পড়ুন : আবরার ফাহাদ এর মৃত্যুবার্ষিকীতে চুয়াডাঙ্গায় প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত


