বাংলাদেশ আওয়ামী লীগ ও দলটির নেতাদের বিচার কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার খবরে চুয়াডাঙ্গায় ছাত্রসমাজের একাংশ নফল নামাজ আদায় করে এবং আনন্দ মিছিল করেছে। শনিবার (১০ মে) রাত ১১টা ৩০ মিনিটে চুয়াডাঙ্গা সরকারি কলেজ চত্বরে দুই রাকাত নফল নামাজ আদায়ের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।
নামাজ শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক আসলাম হোসেন অর্ক, সদস্য সচিব সাফফাতুল ইসলাম, মুখ্য সংগঠক সজীব এবং ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি সাগরের নেতৃত্বে একটি মিছিল বের হয়। এতে ইসলামী ছাত্রশিবির, ইসলামিক ছাত্র আন্দোলন, হেফাজতে ইসলামসহ বিভিন্ন ইসলামপন্থী ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মিছিলটি কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চুয়াডাঙ্গা বড় বাজারে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা আওয়ামী লীগ নিষিদ্ধের খবরে সন্তোষ প্রকাশ করেন এবং একে ‘জনগণের বিজয়’ হিসেবে অভিহিত করেন। তারা ভবিষ্যতেও দেশবিরোধী রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেন।
ছাত্রনেতারা বলেন, দেশের স্বার্থে বৈষম্য, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে তাদের আন্দোলন চলমান থাকবে। কর্মসূচিতে ইসলামপন্থী ছাত্র সংগঠনগুলোর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পড়ুন: আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
দেখুন: ভিসি-প্রোভিসির অপসারণের সিদ্ধান্তে কুয়েট শিক্ষার্থীদের উল্লাস
ইম/


