চুয়াডাঙ্গা জেলা কারাগারে বন্দিদের সংশোধন ও পুনর্বাসনের অংশ হিসেবে টাইলস ফিটিংস প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ জুলাই) চুয়াডাঙ্গা জেলা কারাগারের নিজস্ব ব্যবস্থাপনা ও অর্থায়নে এ কার্যক্রম শুরু হয়।
বন্দিদের কল্যাণ, দক্ষতা অর্জন ও কর্মমুখী পুনর্বাসনের লক্ষ্য সামনে রেখে চালু করা এ প্রশিক্ষণের আওতায় কারাবন্দিরা হাতে-কলমে কাজের অভিজ্ঞতা অর্জন করছেন। প্রশিক্ষণের অংশ হিসেবে ইতোমধ্যে তারা কারাগারের তিনটি পানির হাউজে টাইলস বসানোর কাজ সফলভাবে সম্পন্ন করেছেন।
প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন চুয়াডাঙ্গার সহকারী কমিশনার ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত জেল সুপার সামিউল আজম এবং জেলা কারাগারের জেলার মো. ফখর উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন কারা কর্মকর্তারা ও সংশ্লিষ্ট কর্মচারীবৃন্দ।
জেলার মো. ফখর উদ্দিন জানিয়েছেন, বন্দিদের দক্ষ করে গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। কারামুক্তির পর যাতে তারা স্বনির্ভরভাবে জীবন শুরু করতে পারেন, সে জন্য পেশাভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।
এ বিষয়ে চুয়াডাঙ্গার সহকারী কমিশনার ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত জেল সুপার সামিউল আজম বলেন, “এ ধরনের প্রশিক্ষণ বন্দিদের জীবনধারায় ইতিবাচক পরিবর্তন আনবে। তারা ভবিষ্যতে আত্মনির্ভরশীল হয়ে সমাজে সম্মানের সঙ্গে বাঁচতে পারবেন।
পড়ুন: কুষ্টিয়া পৌরসভার গেটে ময়লা ফেলে পরিচ্ছন্নতা কর্মীদের কর্মবিরতি
দেখুন: ঝিনাইদহের ‘ভাইরাল গেটম্যান’ সুমি একাই একশ
ইম/


