চুয়াডাঙ্গা সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে ৩ লাখ ৯০ হাজার ২৫০ টাকা মূল্যের মাদকদ্রব্য ও বিভিন্ন চোরাচালানপণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। সোমবার (২৯ জুলাই) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এ তথ্য জানিয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৮ ও ২৯ জুলাই তারিখে দর্শনা, সুলতানপুর ও শৈলমারী বিওপি (বর্ডার অবজারভেশন পোস্ট)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও বিশেষ গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৪৪ বোতল বিদেশি মদ, ৩ বোতল ফেনসিডিল, ৪৫ পিস ইয়াবা ও ভায়াগ্রা, ৭ পিস ভারতীয় শাড়ি, ১৫ পিস ভারতীয় মেডিকেল যন্ত্রাংশ, ২ পিস অবৈধ কারেন্ট জাল, বিভিন্ন কসমেটিকস সামগ্রীসহ মোট ৩,৯০,২৫০ টাকার মালামাল জব্দ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গা ও মেহেরপুর সীমান্ত এলাকায় সক্রিয় মাদক ও চোরাচালান চক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি সম্ভাব্য চোরাপথগুলোতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. হায়দার আলী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সীমান্ত এলাকায় অবৈধ কর্মকাণ্ড রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পড়ুন: বাড়ি দখল করতে বাবার হাত-পা ভেঙে রগ কেটে দিলো ছেলে
দেখুন: নিজের গবেষণা নিজেই মূল্যায়ন করে পেলেন পদোন্নতি
ইম/


