চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দশমী ব্রিজপাড়া এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৫ রাউন্ড গুলিসহ সাইদুর রহমান (৩৮) নামে এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। তিনি ওই এলাকার মৃত কিয়াম উদ্দিন গেনুর ছেলে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে সেনাবাহিনীর একটি বিশেষ দল এ অভিযান চালায়।
চুয়াডাঙ্গা সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাইদুরকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তিতে নিজ বাড়িতে তল্লাশি চালিয়ে একটি অবৈধ বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১৫ রাউন্ড গুলি ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটক সাইদুর রহমানকে দামুড়হুদা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ দল অভিযান চালিয়ে পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ সাইদুর রহমানকে আটক করেছে।
তিনি আরও জানান, সাইদুর রহমানের বিরুদ্ধে আগে কোনো মামলা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে তার কোনো রাজনৈতিক পদ নেই বলে জানা গেছে। স্থানীয়ভাবে তিনি ৫ নম্বর ওয়ার্ড বাজার কমিটির সদস্য।
পড়ুন: ২০২৪ সালের ‘লাল কাপড় প্রতিবাদ’ স্মরণে সচেতন ছাত্র-ছাত্রীদের আবেগঘন প্রতিক্রিয়া
দেখুন: চুয়াডাঙ্গায় টানা ৩ দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড
ইম/


