চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী ১২ বাংলাদেশী নাগরিককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-এর কাছে হস্তান্তর করেছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সীমান্তের মেইন পিলার ৭৬-এর নিকটে শূন্যরেখায় পতাকা বৈঠকের মাধ্যমে এ প্রক্রিয়া সম্পন্ন হয়।
হস্তান্তরপ্রাপ্তদের মধ্যে ৯ জন পুরুষ, ২ জন নারী এবং একজন অপ্রাপ্তবয়স্ক শিশু রয়েছে।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের সঙ্গে সীমান্তের মেইন পিলারে কমান্ডার পর্যায়ে সৌহার্দ্যপূর্ণ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার মো. আশরাফুল ইসলাম এবং ৩২ বিএসএফ ব্যাটালিয়নের গেদে কোম্পানি কমান্ডার এ.সি. সুরেন্দার সিং উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী আনুষ্ঠানিকভাবে ১২ বাংলাদেশী নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করে।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, “হস্তান্তরকৃত বাংলাদেশীরা বিভিন্ন সময়ে সীমান্তের নানা পয়েন্ট দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে বিভিন্ন রাজ্যে বসবাস করছিলেন। বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর পারস্পরিক সহযোগিতার ভিত্তিতেই তাদের হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়েছে।
পড়ুন: নিষ্ফল অভিযান, প্লাস্টিক বস্তায় চাল বিক্রি থামছেনা
দেখুন: মনোমুগ্ধকর নরসিংদী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ
ইম/


